একসময়ের হাট-বাজার
Image Created by OpenAI
গ্রামবাংলার হৃদস্পন্দন একসময় ছিল হাট-বাজার। সপ্তাহে একদিন বা দুইদিন বসত সেই হাট। এই হাট শুধু একটা কেনাবেচার জায়গা ছিল না, এটি ছিল সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মিলনমেলার এক অনন্য কেন্দ্রস্থল। আজকের আধুনিক সুপারমার্কেট, অনলাইন শপিং কিংবা বড় বড় মার্কেটপ্লেসের যুগে দাঁড়িয়ে সেই পুরনো হাট-বাজার সংস্কৃতি যেন স্মৃতির অ্যালবামে বন্দী হয়ে গেছে। কিন্তু এখনকার আধুনিক মলে বাজার করার থেকে আগেকার এই সপ্তাহের একদিনের বাজার করার মধ্যে বেশি আনন্দ ছিল। একসময়ের হাটে ঢুকলেই চোখে পড়তো নানা রঙের সমাহার।
তাজা শাকসবজি, মৌসুমি ফল, ধানের বস্তা, সরিষার তেল, গরু-ছাগল, হাঁস-মুরগি, মাটির হাঁড়ি-পাতিল, বাঁশের ঝুড়ি, কাঠের আসবাবপত্র ইত্যাদি সবকিছুই এক জায়গায় পাওয়া যেত। এছাড়া গ্রামের কৃষক নিজের জমির ফসল নিয়ে আসতো বিক্রি করার জন্য। তারপর কারিগর নিজের হাতে বানানো জিনিস বিক্রি করতো। আর হাটে চায়ের দোকান ছিল সবার মূল জায়গা অর্থাৎ আলাপ-আলোচনার প্রাণকেন্দ্র ছিল। রাজনীতি, কৃষিকাজ, খেলাধুলা থেকে শুরু করে পারিবারিক বিষয়, সব কিছু নিয়েই চলতো আলোচনা। এখন আধুনিকতার ছোঁয়ায় বর্তমান বাজার ব্যবস্থা পুরোটাই বদলে যেতে বসেছে, গ্রামের দিকে একটু দেখা যায় সপ্তাহের বাজার, তাছাড়া শহরে তো এখন সব সুপার শোপ।
