সবকিছু পাওয়ার পরেও কেন যেন কিছুই নেই মনে হয়
আসলে আমরা অনেক সময় যা যা চাই, তার সবই হয়তো একসময় পেয়ে যাই একটা ভালো ক্যারিয়ার, কিছু সাফল্য, কিছু সম্পর্ক, ঘরে বাহারি জিনিস, সমাজে একটা সম্মান। কিন্তু তারপরেও মনটা যখন একেবারে চুপ হয়ে যায়, ভিতরটা যখন হঠাৎ খুব একা মনে হয়, তখন মনে হয়, সব থাকার পরেও কিছুই নেই আমার।
এর কারণ হয়তো আমরা ভেতরের শান্তিটাকে গুরুত্ব দিই না। আমরা সবসময় বাইরের অর্জন নিয়ে ব্যস্ত থাকি কে কী বললো, আমি কী পেলাম, কে আমাকে কতোটা স্বীকৃতি দিলো। কিন্তু সেই মনের ভিতরে যে একটা ছোট্ট ঘর আছে, যেটাতে শান্তি, ভালোবাসা আর নির্ভরতার দরকার সেই ঘরটা ফাঁকা পড়ে থাকে।
আরেকটা ব্যাপার হলো, আমরা যতই সফল হই না কেন, মানুষ হিসেবে আমাদের চাওয়া কখনো শেষ হয় না। একটা লক্ষ্য ছুঁতেই নতুন আরেকটা তৈরি হয়ে যায়। তখন মনে হয়, আরও কিছু চাই। এই আরও চাওয়ার মাঝে আমরা আসলে নিজেদের হারিয়ে ফেলি। ভেতরের মানুষটা তখন চুপচাপ কোণে গিয়ে দাঁড়ায় আর বলে, তুমু এতো কিছু পেলে ঠিকই, কিন্তু আমি তো তোমার পাশে নেই!
সবকিছু পাওয়ার পরেও যদি মন খালি খালি লাগে, তাহলে বুঝতে হবে আমরা যা পেয়েছি, সেটা আমাদের সত্যিকারের চাওয়া ছিল না অথবা, আমরা যেভাবে বেঁচে আছি, সেটা আমাদের মনের সাথে মেলেনি। এই অবস্থায় দরকার নিজেকে একটু প্রশ্ন করা আমি আসলে কী চাই? আমি কী সত্যি সুখী? আমি যেটা করছি, সেটায় আমার মন পড়ে থাকে?
সবশেষে, সুখ শুধু কিছু পাওয়ার নাম নয়, সুখ হলো নিজেকে অনুভব করার, নিজের মতো করে বাঁচার, নিজের মতো করে ভালোবাসার একটা অবস্থা। সেই জায়গাটায় পৌঁছাতে পারলে তবেই মনে হবে, এবার মনে হচ্ছে, কিছু একটা আছে। এর আগে অবধি, সবকিছু পাওয়ার পরেও মনে হবে, কিছুই নেই।

