সন্ধ্যার আড্ডা ও হুঁকোর গল্প

ChatGPT Image Feb 20, 2026, 12_30_28 PM.png

Image Created by OpenAI

গ্রামের কিংবা পুরোনো শহরের অলিগলিতে সন্ধ্যা নামলেই এক বিশেষ আবহ তৈরি হতো অর্থাৎ সেখানে দিনের ক্লান্তি গলে যেত গল্প, হাসি আর ধোঁয়ার মৃদু কুণ্ডলীতে। সেই আবহের কেন্দ্রবিন্দুতে থাকত এক প্রাচীন সঙ্গী- হুঁকো, এই হুঁকো অনেক আগের থেকেই প্রচলিত, বিশেষ করে গ্রামের দিকে বেশি ব্যবহার হতো। আজকের ব্যস্ত, প্রযুক্তিনির্ভর জীবনে এই দৃশ্য যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, এইগুলো দিন দিন স্মৃতির পাতায় শুধুই গল্প হিসেবে রয়ে যাচ্ছে। সন্ধ্যা নামার সাথে সাথে বাড়ির উঠোনে জড়ো হতো বয়স্করা। কেউ নিয়ে আসত মাদুর, কেউ পিড়ি, আবার কেউ কাঁধে ঝুলিয়ে নিয়ে আসতো হুঁকোর লম্বা নল। এটা ছিল অভিজ্ঞতার ঝুলি আর দিনের ক্লান্তি ভুলে থাকার এক অদ্ভুত আরাম।

এই আড্ডায় আলোচনার বিষয়ের কোনো সীমা ছিল না। কখনো গ্রামের পুরোনো দিনের কথা, কখনো স্বাধীনতার স্মৃতি, ইত্যাদি। এছাড়া কৃষিকাজের অভিজ্ঞতা, বাজারদর, পারিবারিক খবর, সবকিছুই স্থান পেত সেই আড্ডায়। কখনো আবার রাজনীতি নিয়ে তর্ক জমে উঠত। কিন্তু দিনের শেষে হাসিটাই জিতত। কেউ রাগ করে উঠলেও পরেরদিন আবার ঠিকই ফিরে আসতো সেই একই আসরে। এ এক অদ্ভূত টান ছিল একে-অপরের মাঝে। সময়ের সাথে সাথে হুঁকোর ব্যবহার কমে গেছে। আধুনিক জীবনযাপন, স্বাস্থ্য সচেতনতা এবং পরিবর্তিত সামাজিক পরিবেশের কারণে এখন আর খুব একটা দেখা যায় না সেই দৃশ্য। তবুও গ্রামের কিছু কোণে বা পুরোনো বাড়ির বারান্দায় মাঝে মাঝে এখনও দেখা মেলে যে, কয়েকজন প্রবীণ মানুষ সেখানে বসে আছে, যেখানে সামনে আছে হুঁকো, আর চলছে অবিরাম গল্পের ধারা।