শান্তিনিকেতনে শীতের সন্ধ্যায় ভাপা পিঠে

20251222_194153.jpg

শীত মানেই বাঙালির জীবনে পিঠে-পুলি, এটা একধরণের উৎসবের মতো বাঙালিদের । আর যদি সেই শীতের সন্ধ্যাটা হয় শান্তিনিকেতনের মাটিতে, তবে অভিজ্ঞতাটা আরও অনেক বেশি আত্মিক হয়ে ওঠে। এই ছবিটা ঠিক তেমনই এক মুহূর্তকে ধরে রেখেছে। শান্তিনিকেতনের এক কোণে ভাপা পিঠে তৈরি হচ্ছে, ধোঁয়া ওঠা চুলোর পাশে দাঁড়িয়ে দু’জন পুরুষ-মহিলা নিপুণ হাতে পিঠে বানাচ্ছেন। ভাপা পিঠে, এই নামটার মধ্যেই লুকিয়ে আছে গ্রামবাংলার গন্ধ। চালের গুঁড়ো, নারকেল, খেজুর গুড়, এই সামান্য কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয় এমন এক স্বাদ, যা শহরের কোনও ফাস্টফুডের সাথে তুলনাই হয় না।

এই ছবিতে যেমন দেখা যাচ্ছে, গ্যাসের চুলোর উপর বসানো অ্যালুমিনিয়ামের বড় হাঁড়ি, যার মুখটা ময়দার প্রলেপ দিয়ে সিল করা। যাতে ভাপ ঠিকভাবে ভেতরে থাকে। ঢাকনার মাঝখানে ছোট চিমনির মতো মুখ, সেখান দিয়ে বেরোচ্ছে গরম ভাপ। এই ভাপেই ধীরে ধীরে সেদ্ধ হচ্ছে ভাপা পিঠে। পাশেই রাখা শালপাতা, এর উপরেই পরিবেশন করা হবে গরম গরম পিঠে। শালপাতার সেই স্বাভাবিক সুবাস পিঠের স্বাদকে আরও বাড়িয়ে তোলে। শান্তিনিকেতনের দিকে এই একটা কালচার বেশ ভালো, সবকিছুই প্রায় শালপাতার উপরে পরিবেশন করা হয়ে থাকে।