সময়কে মূল্য না দিলে সময় কেমন শোধ নেয়?
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
সময় এক অদ্ভুত জিনিস। যখন পাশে থাকে, তখন আমরা বুঝতেই পারি না ও কত বড় সম্পদ। মনে হয়, আছে তো সময়, পরে করবো, কাল করবো সময় তো ফুরিয়ে যাবে না। কিন্তু সময় কখনো কারো জন্য দাঁড়িয়ে থাকে না। একবার যদি ওকে অবহেলা করি, ও এমনভাবে পাল্টা দেয় যে, তখন বুঝতে পারি সময় আসলে কেমন শোধ নেয়।
আমি নিজেও অনেকবার এই ভুল করেছি। ভাবতাম, আজ না পারলে কাল করব। কিন্তু পরে বুঝেছি, সময় চলে যাওয়ার পর আর ফেরত আসে না। যে সুযোগ একবার হাতছাড়া হয়ে যায়, তা অনেক চেষ্টা করলেও আর ঠিক আগের মতো ধরা দেয় না। সময়কে যদি ঠিকঠাক ব্যবহার না করি, সে ঠিকই আমাদের দাঁড় করিয়ে দেয় অনুশোচনার মুখোমুখি।
আরেকটা ব্যাপার, সময় কখনো কোনো কিছু চাপিয়ে দেয় না, সবকিছু আমাদের হাতে দেয়। আমরা যেটা করি সেটা আমাদের সিদ্ধান্ত, কিন্তু তার ফলাফল সময় নির্ধারণ করে দেয়। যেমন আজ যদি আমি পড়াশোনা না করি, কাল আমি পরীক্ষায় খারাপ করব। তখন সময় আমায় বলবে, আমি তো ছিলাম, তুমিই আমাকে গুরুত্ব দিলে না।
সময়কে মূল্য না দিলে সে আমাদের এমন জায়গায় এনে দাঁড় করায়, যেখানে আমাদের আফসোস ছাড়া আর কিছু করার থাকে না। জীবন এগিয়ে চলে, মানুষ চলে যায়, সুযোগ চলে যায়, আর থেকে যায় শুধু যদি, যদি আমি সময়টা একটু ভালোভাবে কাজে লাগাতাম।
তাই আমি এখন যেটা বুঝি, সেটা হলো সময়কে ভালোবাসা উচিত। ওকে গুরুত্ব দিলে সময়ও আমাদের সেরা উপহারটা দিয়ে দেয়। কিন্তু যদি অবহেলা করি, তাহলে সময়ও চুপচাপ আমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে চলে যায় একদম নিরবে, নিঃশব্দে। আর সেই শোধটাই সবচেয়ে বেশি কষ্ট দেয়, কারণ তখন আর কিছু করার থাকে না, শুধু আফসোস নিয়ে বাঁচা ছাড়া।

