নিজেকে হারিয়ে ফেলার ভয়
নিজেকে হারানো মানে সবসময় অন্য কারো হয়ে যাওয়া না, কখনো কখনো নিজেকে হারিয়ে ফেলার মানে নিজের ভেতরের আওয়াজটাই আর শুনতে না পারা। যেমন, আগে যেখানে না বলতে পারতাম অবলীলায়, এখন হ্যাঁ বলেও মনে মনে কাঁদি। আগে যেখানে নিজে থেকেই কিছু করতে ইচ্ছে হতো, এখন করি শুধু অন্যের খুশির জন্য। আগে যেখানে ছোট্ট আনন্দগুলোতেও ভরে উঠত মন, এখন বড় বড় প্রাপ্তিতেও মনে হয় কিছু একটা অনুপস্থিত।
আমার মাঝে মাঝে খুব ভয় লাগে।এই যে আমি প্রতিনিয়ত নতুন রকম একটা মানুষ হয়ে যাচ্ছি, এই যে আমি আমার পুরনো আমিকে ভুলে যেতে বসেছি, এটা কি স্বাভাবিক নাকি আমি ধীরে ধীরে নিজের চেনা মানুষটাকে হারিয়ে ফেলছি? ভয় হয় এই ভেবে, যে হয়তো একদিন এমন একটা সকাল আসবে, যেখানে আমি আয়নায় তাকিয়ে নিজেকেই চিনতে পারব না।
আসলে এই ভয়টা শুধু নিজের অস্তিত্ব হারানোর না, এই ভয়টা নিজের ভালো লাগা, নিজের স্বপ্ন, নিজের ভেতরের শিশুটাকে হারানোর। যে আমি একসময় খুব নির্ভীক ছিলাম, এখন সে আমি অনেক হিসেব করি। যে আমি একসময় নিজেকে নিয়েই গর্ব করতাম, এখন সে আমি সবসময় নিজেকে দোষ দেই। এই বদলটা ভয়ানক, কারণ এই বদলে যাওয়ার মাঝেই আমি হারিয়ে যাচ্ছি নিজের অজান্তেই।
তবে আমি জানি, এখনও দেরি হয়ে যায়নি। আমি যদি একটু থেমে যাই, একটু নিজেকে সময় দিই, একটু নিজের মনের কথাগুলো শুনি, তাহলে হয়তো আবার খুঁজে পাব সেই পুরনো আমিকে। হয়তো সহজ হবে না, হয়তো সময় লাগবে, কিন্তু নিজের মতো করে বাঁচার যে শান্তি, সেটার কোনো বিকল্প নেই।
নিজেকে হারিয়ে ফেলার এই ভয়টা আমার প্রতিদিনের সঙ্গী হয়ে গেছে। তবে আমি লড়ছি, আমি চেষ্টা করছি আবার যেন আমি আমার মতন করে হাসতে পারি, ভালোবাসতে পারি, বাঁচতে পারি। কারণ, যত কিছুই বদলাক, আমি চাই আমার ভেতরের আমি যাকে আমি সত্যি ভালোবাসি সে যেনো কখনও হারিয়ে না যায়।

