হরিণদের সাথে কিছু নিরিবিলি মুহূর্ত
চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া মানেই যেন ছোটবেলার স্মৃতিগুলো আবার নতুন করে জেগে ওঠা। অর্থাৎ নানা রকম প্রাণী, তাদের স্বভাব, আর প্রকৃতির কাছাকাছি থাকার সেই অনুভূতি। সব মিলিয়ে যেনো এক অন্যরকম অভিজ্ঞতা। সেই রকমই একদিন, চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে কিছু শান্ত, স্নিগ্ধ মুহূর্ত কাটিয়েছি এবং কিছু হরিণের দৃশ্য ক্যামেরায় ধারণ করেছি। এই হরিণের যে বিষয়গুলো সবথেকে ভাল লাগে, তা হলো তাদের সরলতা আর সৌন্দর্য। হালকা বাদামি রঙের শরীর, বড় বড় চোখ, আর সতর্ক দৃষ্টি, এই সবকিছু মিলিয়ে হরিণ যেন প্রকৃতির এক অনন্য সৃষ্টি। ছবিতে যেমন দেখা যাচ্ছে, তারা বেশ শান্ত ভাবে দাঁড়িয়ে আছে, যেন তারা নিজেদের জগতে মগ্ন আছে।
চারপাশে গাছের ছায়া, মাটির উপর পড়ে থাকা সূর্যের আলো। সব মিলিয়ে যেনো একটা অন্যরকম সুন্দর পরিবেশ তৈরি হয়েছিলো। এখানে যেমন কিছু হরিণ বিশ্রাম নিচ্ছে, আবার কিছু ধীরে ধীরে হাঁটছে। এই দৃশ্যগুলো দেখলে বোঝা যায়, তারা মূলত মুক্ত প্রকৃতির প্রাণী। বনে-জঙ্গলে স্বাধীনভাবে ঘুরে বেড়ানোই তাদের আসল স্বভাব। যদিও এরা খাঁচায় বন্দি আছে, কিন্তু এদের প্রকৃত শান্তি তাদের উপযুক্ত বসবাসযোগ্য অবস্থানে। তবে যাইহোক, চিড়িয়াখানায় কিন্তু গেলে অনেক কিছু শেখা যায়। বিশেষ করে যারা প্রাণী বিষয়ে পড়াশোনা করে থাকে বা এই নিয়ে গবেষণা করে থাকে। তাদের ক্ষেত্রে অনেক প্রয়োজনীয় একটা বিষয়। বিভিন্ন প্রজাতির প্রাণী সম্পর্কে জানা যায় এবং তাদের বিষয়ে অনেক কিছু শেখার সুযোগ পাওয়া যায়।

