দিঘার সমুদ্রতটে বিকেলের সূর্যাস্ত
প্রকৃতির সৌন্দর্য কখনো কখনো এমনভাবে ধরা দেয় যে, সেই মুহূর্তটাকে ক্যামেরায় বন্দী করতে পারলেই মনে হয় দিনটা সার্থক। কিছুদিন আগে আমি ভ্রমণে গিয়েছিলাম দিঘা সমুদ্র সৈকতে। বিকেলের দিকে সমুদ্রতটে দাঁড়িয়ে যে সূর্যাস্তের দৃশ্য দেখেছিলাম, তা সত্যিই মনকে অন্য এক অনুভূতিতে ভরিয়ে দিয়েছিল। বিকেলের শেষ আলো ধীরে ধীরে সমুদ্রের জলে প্রতিফলিত হচ্ছিল। আকাশের রঙ তখন কমলা ও সোনালি আভায় ভরে উঠেছিল। সূর্য যেন ধীরে ধীরে দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছিল, আর তার আলো সমুদ্রের জলের উপর এক ঝলমলে সোনালি পথ তৈরি করছিল। এই দৃশ্যটি সত্যিই চোখে পড়ার মতো। একটা আলাদা সৌন্দর্যময় পরিবেশ তৈরী করেছিলো, এইসব দৃশ্য দেখলে মুগ্ধ হয়ে যেতে হয়।
দিঘার এই অংশে সমুদ্রের ধারে বড় বড় পাথরের বাঁধ ছিল, যা ঢেউয়ের ধাক্কা এই পাথরে এসে আছড়ে পড়ছিল। আর সেই পাথরের উপর বসে অনেক মানুষ সমুদ্রের দিকে তাকিয়ে বিকেলের সময়টা উপভোগ করছিল। এটা একটা অন্যরকম অনুভূতি, যা না দেখলে বোঝা যায় না। ঢেউগুলো যখন বারবার এসে পাথরে আছড়ে পড়ছিল, তখন সেই শব্দের সঙ্গে সূর্যাস্তের দৃশ্য মিলিয়ে এক অদ্ভুত শান্ত পরিবেশ তৈরি হচ্ছিল। এই সময়ে অনেক মানুষ সমুদ্রের জলে নেমে আনন্দ করছিল। দিঘার সমুদ্রতটে সূর্যাস্ত দেখা সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা। দিনের ব্যস্ততার মাঝে এমন একটি মুহূর্ত মানুষকে কিছুটা শান্তি দেয় এবং প্রকৃতির কাছাকাছি নিয়ে যায়।


