মেলার পেছনের মানুষজন
Image Created by OpenAI
মেলা মানেই রঙিন আলো, খেলনা, নাগরদোলা, ভেলপুরি-চটপটির গন্ধ, আর হাজারো মানুষের আনন্দমুখর ভিড়। কিন্তু আমরা যখন মেলার উজ্জ্বল দিকগুলো দেখি, তখন খুব কমই ভাবি, বলতে গেলে অনেকসময় ভাবিই না। আসলে এই বিশাল আয়োজনের পেছনে যে কত শত মানুষের নিরলস পরিশ্রম জড়িয়ে থাকে, তা আমাদের ধারণার বাইরে থাকে। আর এরাই হলো মেলার অদেখা আসল নায়ক, যাদের শ্রম ছাড়া এই আনন্দ উৎসব একদম অসম্পূর্ণ। মেলা শুরু হওয়ার অনেক আগেই শুরু হয় প্রস্তুতি। মাঠ পরিষ্কার করা, মঞ্চ তৈরি, আলো লাগানো, স্টল বসানো ইত্যাদি সবকিছুই ধাপে ধাপে সম্পন্ন হয়। দিনরাত এক করে কাজ করে থাকে শ্রমিকরা।
অনেক সময় ঠান্ডা, গরম কিংবা বৃষ্টির মধ্যেও তাদের কাজ থেমে থাকে না। তাদের ঘাম ঝরানো পরিশ্রমে সেই রঙিন পরিবেশ তৈরি হয় বলেই, সেখানে আমরা কিছু সময় আনন্দ করে বাড়ি ফিরতে পারি। মেলার অন্যতম প্রাণকেন্দ্র হলো ছোট ছোট ব্যবসায়ীরা। এর মধ্যে কেউ খেলনা বিক্রি করে, কেউ মাটির জিনিস, কেউবা হস্তশিল্প। বছরের অনেকটা সময় তারা অপেক্ষা করে থাকে এই মেলার জন্য। কারণ এই কয়েকদিনের বিক্রিতেই জড়িয়ে থাকে তাদের পরিবারের হাসি-কান্না, স্বপ্ন-বাস্তবতা। একটা বেলুন বিক্রি, একটা চুড়ি, একটা কাঠের বাঁশি ইত্যাদি প্রতিটি জিনিসের সঙ্গে মিশে থাকে একজন মানুষের অনেক আশা।
