সোজা হয়ে একটু দাঁড়াতে চাচ্ছি।

in আমার বাংলা ব্লগyesterday

37818.jpg

পথটা কঠিন,কখনো ক্লান্তিকর, কখনো একেবারেই একাকী। তবু থেমে যেতে চাই না। জীবনের কিছু পথ একা হাঁটতেই হয়, সেখানে পাশে থাকার প্রতিশ্রুতির চেয়ে নিজের ভেতরের শক্তিটুকুই শেষ পর্যন্ত বেশি দরকার হয়ে পড়ে।

হোঁচট খাচ্ছি, আবার উঠছি। কোথাও কোথাও ভেঙে পড়ছি, আবার নিজেকেই নিজে গুছিয়ে নিচ্ছি। সবকিছু আগের মতো হয়ে যাবে,এমন কোনো নিশ্চয়তা নেই। তবে অন্তত এতটুকু চেষ্টা আছে, হারিয়ে না গিয়ে নিজেকে আবার খুঁজে পাওয়ার।

পথটা কঠিন, কিন্তু আন্তরিক হলে স্বস্তি মিলত। কারণ সাফল্যের চেয়েও কখনো কখনো নিজের কাছে সৎ থাকতে পারাটাই বড় অর্জন। অন্যের স্বীকৃতি না পেলেও, দিনের শেষে নিজের বিবেকের সামনে যেন মাথা নত করতে না হয়,এইটুকুই চাওয়া।

সব ক্ষত একদিন শুকিয়ে যাবে, সব ক্লান্তিও হয়তো কোনো এক সকালে হালকা হয়ে আসবে। কিছু স্মৃতি থেকে যাবে, কিছু মানুষ হারিয়ে যাবে, কিছু অভিমান হয়তো আর কোনোদিন মুছে যাবে না। তবু জীবন থেমে থাকে না। আমিও থামতে চাই না।

ধীরে চলব, প্রয়োজনে এক পা করে চলব,তবু চলব।

কারও সঙ্গে প্রতিযোগিতা নেই, কাউকে পেছনে ফেলার তাড়াও নেই। শুধু গতকালের ভেঙে পড়া মানুষটার চেয়ে আজকের মানুষটাকে একটু শক্ত, একটু স্থির, আর একটু বেশি সত্য হতে চাই।

হয়তো এ খুব বড় কোনো অর্জন নয়।
হয়তো দূর থেকে দেখলে কিছুই নয়।

তবু আমার কাছে,

এটাই আপাতত ক্ষুদ্র প্রচেষ্টা,
নিজেকে আবার সোজা করে দাঁড় করানোর।