বেদনাদায়ক বিদায়
রোজ বিকেলে বাজারে যাওয়ার সময় এক বয়স্ক ভদ্রলোককে প্রায়ই লাঠিতে ভর দিয়ে ধীর পায়ে বাজারের উদ্দেশ্যে যেতে দেখতাম। গ্রামের মানুষের বাজারের প্রতি দুর্বলতা যেন অন্যরকম।
বিকেল হলেই তারা যেন আর কোনোভাবেই বাড়িতে স্থির থাকতে পারে না। সব রকম প্রতিকূলতা পেরিয়েও যেন তাদের বাজারে যেতেই হবে।
যে বয়স্ক ভদ্রলোকের কথা বলছি, তিনি নিজেই নানা রকম শারীরিক ব্যাধিতে ভুক্তভোগী ছিলেন। তবুও বিকেল হলেই তার বাজারে যাওয়া যেন অবধারিত ছিল। পুরনো আসক্তি বলে কথা।
এমনও হয়েছে, আগে যখন গ্রামের বাজারে প্রতিনিয়ত ভ্যানে চড়ে যাতায়াত করতাম, তখন তাকে বহুবার সঙ্গে নিয়েছি। অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম— এখন তো বয়স অনেক হয়েছে, এবার না হয় একটু থামুন। বাড়িতে বসেও তো সময় কাটানো যায়।
কিন্তু অপর প্রান্ত থেকে উত্তর ছিল একেবারে সোজাসাপ্টা— বিকেল হলেই নিজের ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করে, তাই প্রশান্তির খোঁজে বাজারের দিকে ছুটে যেতে হয়।
আজ যখন দুপুরবেলা ঘুম থেকে সবে উঠেছি, তখন হঠাৎ করেই কানে ভেসে এলো তার বিদায়ের খবর। তার সঙ্গে খুব অল্প সময়ের পরিচয় ছিল, তবুও সেই মুহূর্তগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছিল।
বয়সের ভারে জর্জরিত সেই মানুষটিকে গ্রামের রাস্তায় আর কখনও দেখতে পাব না— এই ভাবনাই যেন ভেতরটা দুমড়ে-মুচড়ে দিচ্ছে।
বিয়োগ বরাবরই বেদনাদায়ক। তাই ভারাক্রান্ত হৃদয়ে তার সঙ্গে কাটানো স্বল্প সময়ের কিছু স্মৃতি লিপিবদ্ধ করে রাখলাম।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





