সকলেই নিজের সুবিধা অনুযায়ী ভালোবাসে, এটা মানতে শিখেছি
এই অভিজ্ঞতা আপনিও হয়তো পেয়েছেন। হয়তো কখনো কেউ এমনভাবে আপনাকে গুরুত্ব দিয়েছে, যেন আপনি তার জীবনের খুব গুরুত্বপূর্ণ কেউ। কিন্তু একসময় বুঝেছেন, আসলে সে আপনাকে নয়, আপনার কাছের কোনো সুবিধাকে ভালোবেসেছে। যেই মুহূর্তে আপনি সেই সুবিধা দিতে পারেননি বা দিতে অস্বীকার করেছেন, তখনই আপনাকে দূরে ঠেলে দিয়েছে। আমি নিজেও এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি।
সবচেয়ে কষ্ট লাগে তখন, যখন আপনি কারো জন্য নিজের অনেক কিছু ত্যাগ করেন, সময় দেন, অনুভব দিয়ে পাশে থাকেন, আর একসময় বুঝেন সে আপনাকে ভালোবেসেছে শুধুই নিজের প্রয়োজনে। নিজের প্রয়োজনের বাইরে আপনি তার জীবনে তেমন গুরুত্বই পান না। তখনই ধীরে ধীরে শেখা হয়, ভালোবাসা বলতে যা বুঝতাম, সেটা বাস্তবে সবার মধ্যে নেই।
মানুষ চায়, তার সুবিধা অনুযায়ী কেউ থাকুক, তার প্রয়োজন অনুযায়ী কেউ ভালোবাসুক। আর সেই মানুষ যখন বোঝে যে আপনি সেই সুবিধা আর দিতে পারছেন না, তখন তার চোখে আপনি হয়ে যান বাড়তি কিছু, যাকে সহজেই বাদ দেওয়া যায়।তাই এখন আমি কারো ভালোবাসাকে খুব সহজে বিশ্বাস করি না। কাউকে কাছে টানার আগে দেখি সে কেমন সময়টাতে পাশে থাকে। কারণ প্রয়োজনের সময় সবাই আপন, ভালো থাকার সময়টাতে নয়। আর ভালোবাসা যদি শুধু সুবিধার হিসেবেই হয়, তাহলে সেটা আর ভালোবাসা নয়, সেটা একটা চুক্তির মতো, যেটার মেয়াদ শেষ হলে সম্পর্কও শেষ হয়ে যায়।আমি এখন এটাই মেনে নিয়েছি সবাই নিজের সুবিধা অনুযায়ী ভালোবাসে। আর এ সত্য মেনে নেওয়াটা দরকার ছিল, যেনো অন্তত ভবিষ্যতে সেই ভুলটা বারবার না করি।

