কাউকে ভালোবাসা মানেই কি নিজের সবকিছু ভুলে যাওয়া?
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
ভালোবাসা একটা গভীর অনুভব, সেটা মানতেই হবে। কিন্তু কাউকে ভালোবাসা মানেই যদি হয় নিজের সবকিছু ভুলে যাওয়া তাহলে সেটা ভালোবাসা না, সেটা আসলে এক ধরণের আত্মবিসর্জন। ভালোবাসা মানে নিজের চাওয়া-পাওয়া, ভালো লাগা কিংবা স্বপ্নগুলোকে মুছে ফেলা না। বরং ভালোবাসা এমন হওয়া উচিত, যেখানে দুজন মিলে একে অপরকে বুঝবে, সাপোর্ট করবে, কিন্তু কাউকেই নিজের অস্তিত্ব ভুলে থাকতে হবে না।অনেক সময় দেখা যায়, কেউ যখন কারো সঙ্গে সম্পর্কে জড়ায়, তখন নিজের পুরনো জীবনটাই একদম বদলে ফেলে। বন্ধুদের সঙ্গে যোগাযোগ বন্ধ, নিজের শখ-আহ্লাদ বাদ, এমনকি পরিবারের সঙ্গেও দূরত্ব তৈরি হয়। কারণ সে ভাবে, এখন তার সবকিছু ওই একজন মানুষকে ঘিরেই। এটা দেখতে শুনতে অনেক ভালোবাসাময় লাগলেও, বাস্তবে এটা নিজের উপর অবিচার।
আপনি কাউকে ভালোবাসতেই পারেন, তাকে সময় দিতে পারেন, তার ভালো লাগা খারাপ লাগার দিকগুলো বুঝতে চেষ্টা করতে পারেন। কিন্তু তার মানে এই না যে নিজের সবকিছু ছেড়ে দিতে হবে। নিজের ভালো লাগা, নিজের স্বপ্ন, নিজের মানুষগুলোরও মূল্য আছে। যিনি সত্যিকারভাবে আপনাকে ভালোবাসেন, তিনি কখনোই চাইবেন না আপনি নিজেকে হারিয়ে ফেলুন।ভালোবাসার মধ্যে যতটা দেওয়া থাকে, ঠিক ততটাই থাকা উচিত নেওয়ারও। একপাক্ষিক ভালোবাসা বেশিদিন টিকে না। আপনি যদি সবকিছু ভুলে শুধু অন্যজনকে নিয়েই বাঁচতে চান, তখন একটা সময় পর আপনিই ভেঙে পড়বেন, হেরে যাবেন। কারণ তখন নিজের ভেতরেই ফাঁপা একটা শূন্যতা তৈরি হবে। আপনি আর নিজে থাকবেন না থাকবেন শুধু অন্য কারো হয়ে বেঁচে থাকা একজন মানুষ।

