দ্বারকা নগরীর সমন্বয়ে কালীপুজোর প্যান্ডেল

কালীপুজো মানেই শুধু আলোর ঝলকানি, প্রতিমার সৌন্দর্য কিংবা আতশ বাজির উচ্ছ্বাস নয়। বাংলার পুজো সংস্কৃতির অন্যতম আকর্ষণ হল থিমের মাধ্যমে ইতিহাস, পুরাণ, স্থাপত্য ও কল্পনাকে একসঙ্গে তুলে ধরা। এবারের কালীপুজোয় এমনই এক দৃষ্টিনন্দন ভাবনার সাক্ষী হওয়া গেল- যার থিম ছিল “দ্বারকা”। এই প্যান্ডেলটির প্রবেশদ্বার থেকেই বোঝা যায়, নির্মাতারা সাধারণ কোনো সাজসজ্জার পরিবর্তে একটি পৌরাণিক নগরীর আবহ তৈরি করার চেষ্টা করেছেন। বিশাল তোরণ, সাদা-সোনালি অলংকরণ, মন্দিরের মতো স্থাপত্য এবং দুই পাশে বাঁশি হাতে শ্রীকৃষ্ণের মূর্তি- সব মিলিয়ে দর্শনার্থীদের সামনে যেন এক মুহূর্তের জন্য উঠে এসেছে প্রাচীন দ্বারকার কল্পিত রূপ।

হিন্দু পুরাণে দ্বারকার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের নাম গভীরভাবে জড়িয়ে আছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, মথুরা ছেড়ে শ্রীকৃষ্ণ সমুদ্রের তীরে দ্বারকা নগরী প্রতিষ্ঠা করেছিলেন। সেই পৌরাণিক দ্বারকার ভাবনাকেই এখানে প্যান্ডেলের স্থাপত্যে নতুনভাবে ফুটিয়ে তোলা হয়েছিল। প্যান্ডেলের প্রথম আকর্ষণ নিঃসন্দেহে তার বিশাল প্রবেশতোরণ ছিল। প্রবেশপথের দুই পাশে রয়েছে শ্রীকৃষ্ণের দুটি বিশাল মূর্তি। হাতে বাঁশি, মাথায় মুকুট এবং শরীরে সাদা-সোনালি পোশাক-মূর্তিগুলোর উপস্থাপনা অত্যন্ত আকর্ষণীয়। “দ্বারকা” থিমের এই কালীপুজোর প্যান্ডেল শুধুমাত্র একটি মণ্ডপ নয়। এটি পুরাণ, স্থাপত্য, ভাস্কর্য, আলোকসজ্জা এবং কারিগরি দক্ষতার এক সুন্দর সমন্বয়।