সাহসী হওয়া মানেই কি অনুভূতি লুকিয়ে রাখা?
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাদের সমাজে আজকাল একটা ধারণা খুব গেঁথে গেছে সাহসী মানেই শক্ত, সাহসী মানেই নির্লিপ্ত, সাহসী মানেই যেকোনো কষ্টকে মুখে না আনার নাম। কিন্তু আমার প্রশ্ন, যারা কাঁদে না, যারা নিজের কষ্ট বোঝায় না, তারাই কি শুধু সাহসী?
আমার তো বরং উল্টো মনে হয়। নিজের অনুভূতি লুকিয়ে রাখা কোনো বীরত্ব না বরং একটা চাপ, একটা অব্যক্ত বোঝা। এমন অনেক মানুষ আছে যারা প্রতিদিন হাসিমুখে থাকে, কিন্তু ভিতরে ভেঙে যায়। ওরা বলে না কিছু, কারণ ভাবে বললে দুর্বল প্রমাণিত হবে। অথচ সাহস মানে তো নিজের সত্যিটা মেনে নেওয়া, নিজের কষ্টটা বুঝে নেওয়া।
অনেকেই ভাবে যারা কাঁদে তারা দুর্বল, যারা মুখ খুলে অনুভূতি বলে তারা নাকি আবেগপ্রবণ। কিন্তু সত্যিটা হচ্ছে, অনুভূতি প্রকাশ করার সাহস সবার হয় না। নিজের ভিতরের যুদ্ধটা অন্যের সামনে স্বীকার করা অনেক বড় সাহসের কাজ। চুপচাপ থেকে সব সহ্য করে যাওয়াকে অনেক সময় সাহস বলা হলেও, তাতে যে ক্ষতটা ভিতরে তৈরি হয়, তার দাগ কেউ দেখে না।
আমার মনে হয়, সাহসী হওয়া মানে নিজের আবেগকে সম্মান করা, প্রয়োজনে কাঁদাও, প্রয়োজনে চিৎকারও করো। তুমি মানুষ, পাথর না। আর অনুভূতি লুকিয়ে রেখে যদি নিজেকে প্রতিদিনই শেষ করতে হয়, তাহলে সেটা কোনো সাহস না ওটা ধ্বংস।

