গ্রামের ডাক ব্যবস্থাপনা
Image Created by OpenAI
গ্রামের কাঁচা রাস্তা, পুকুরের ধারে তালগাছ আর সেই সঙ্গে ছোট্ট এক টিনের ছাউনি দেওয়া ঘর। আর এটাই ছিল আমাদের গ্রামের ডাকঘর। আধুনিক প্রযুক্তির এই যুগে দাঁড়িয়ে হয়তো ডাকঘরের গুরুত্ব অনেকটাই কমে গেছে, কিন্তু একসময় এই ছোট্ট ঘরটিই ছিল গ্রামের মানুষের আনন্দ, অপেক্ষা আর আবেগের কেন্দ্রবিন্দু। তখন ফোনের যোগাযোগ ব্যবস্থা এখনকার মতো উন্নত ছিল না, এই ডাক ঘর বা ডাক পিওন এর উপরে সবাই নির্ভর করত। কখন একটা চিঠি আসবে, এই অপেক্ষায় সবার প্রহর কাটতো। ভারতবর্ষে ডাক ব্যবস্থার সূচনা ব্রিটিশ আমলে হলেও গ্রামাঞ্চলে তার বিস্তার ঘটেছিল ধীরে ধীরে। বিশেষ করে বাংলার গ্রামগুলোতে ডাকঘর শুধু চিঠিপত্র আদান-প্রদানের জায়গা ছিল না, বরং এটি ছিল এক সামাজিক মিলনকেন্দ্র। স্বাধীনতার পর India Post দেশের প্রত্যন্ত অঞ্চলেও ডাকসেবা পৌঁছে দিয়েছিলো।
গ্রামের ডাকঘরের পোস্টমাস্টার ছিলেন সবার প্রিয় মানুষ। তিনি শুধু চিঠি বিলি করতেন না, অনেক সময় কারও কারও চিঠি পড়েও শোনাতেন। আবার দেখা যেতো কারও হয়ে চিঠিও লিখে দিতেন। শিক্ষিত মানুষের সংখ্যা কম থাকায় পোস্টমাস্টার বা স্থানীয় স্কুলশিক্ষকই ছিলেন গ্রামের লেখক। চিঠি লেখা ছিল এক ধরণের শিল্প। একটি কাগজ, একটি খাম আর কালির কলম, এই সামান্য উপকরণ দিয়েই তৈরি হতো হৃদয়ের ভাষা। বিয়ের আগে-পরে প্রেমপত্রের এক বিশেষ কদর ছিল। অনেক সময় সেই চিঠিই হয়ে উঠত সম্পর্কের সেতুবন্ধন। ডাকবাক্সে চিঠি ফেলার পর শুরু হতো অপেক্ষা, কবে উত্তর আসবে! সেই অপেক্ষার উত্তেজনা আজকের ‘Seen’ বা ‘Typing…’ নোটিফিকেশনের চেয়েও অনেক গভীর ছিল।
